সিলেটFriday, 25 September 2026

খুলছে সুন্দরবনের দুয়ার, উৎফুল্ল পর্যটক, আতঙ্কে বনজীবীরা

দীর্ঘ তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও খুলছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দুয়ার। নিয়ম মেনে পাস-পারমিট (বিএলসি) নিয়ে বনে প্রবেশের সুযোগ পাচ্ছেন জেলে, বাওয়ালী ও মৌয়ালরা। একই সাথে বিশ্ব ঐতিহ্য এই সুন্দরবন উন্মুক্ত হচ্ছে ভ্রমণপিপাসু পর্যটকদের জন্যও।

পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আজ থেকে বন খোলার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে চার স্টেশনে বিএলসি নবায়নের কাজ সম্পন্ন হয়েছে। বনের দুয়ার খোলায় উপকূলীয় পর্যটন খাতে স্বস্তির বাতাস ফিরলেও চরম ক্ষোভ ও উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ বনজীবীরা।

অভিযোগ উঠেছে, সরকার নির্ধারিত বিএলসি নবায়ন ফি মাত্র ৩৪ টাকা ৫০ পয়সা হলেও স্টেশন কর্মকর্তা ও দালাল চক্রের যোগসাজশে প্রতি লাইসেন্সে ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে। তবে বন কর্মকর্তারা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে নির্ধারিত হিসাব অনুযায়ী ফি নেওয়ার দাবি করেছেন।

দুর্নীতির পাশাপাশি জেলেদের তাড়া করে ফিরছে জলদস্যুদের আতঙ্ক। দীর্ঘ তিন মাস আয় বন্ধ থাকায় ধারদেনায় চলা উপকূলের মানুষগুলো বনে নামার আগে জলদস্যুদের মোটা অঙ্কের চাঁদার ভয়ে কোণঠাসা হয়ে পড়েছেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মশিউর রহমান জানান, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বিষ দিয়ে মাছ শিকার ও অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বন বিভাগ।

সিটি/মাখ/স্টারি

সংবাদ প্রকাশক

মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার
মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত