সিলেটMonday, 28 September 2026

দোয়ারাবাজারে ভোটারদের সঙ্গে মেম্বার প্রার্থী কাজী ইউসুফের মতবিনিময়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেম্বার পদপ্রার্থী কাজী ইউসুফ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ এশা বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের কাজী বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ত্বোহা মজুমদার।

সভায় ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটার ও স্থানীয়রা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতামত দেন।

স্থানীয় কয়েকজন ভোটার কাজী ইউসুফ দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি যুক্ত রয়েছেন বলে জানান তারা।

স্থানীয় ভোটার ইব্রাহীম বলেন, এর আগে অনেক মেম্বার জনগণকে বিভিন্ন আশ্বাস দিলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। রাস্তাঘাটেরও তেমন উন্নয়ন হয়নি। কাজী ইউসুফ নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন বলে আশা করেন তিনি।

সভায় পরিবারের পক্ষে বক্তব্য দেন চিকিৎসক আব্দুল হাই। তিনি কাজী ইউসুফের পক্ষে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হলে সরকারি বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথাও বলেন তিনি।

মতবিনিময় সভায় কাজী ইউসুফ বলেন, তিনি এই এলাকার সন্তান এবং এলাকার মানুষের সেবা করতে চান। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। এর মধ্যে দোয়ারাবাজারের ৫০০ যুবক নিয়ে গঠিত খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক, দোয়ারাবাজার উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. সিলেট-৮২)-এর সাধারণ সম্পাদক এবং হাওর ও নদী রক্ষা আন্দোলন, দোয়ারাবাজারের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাজী ইউসুফ বলেন, নির্বাচিত হলে সরকারি বরাদ্দের অর্থের কোনো অংশ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না। জনগণের খাদেম হিসেবে দায়িত্ব পালন করারও প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটাররা উপস্থিত ছিলেন।

সিটি/এমকেএসআর

সংবাদ প্রকাশক

মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার
মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত