সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় নাগরিকরা। পৌরসভা গঠনে নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করা, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত কর-ফি’র চাপ এবং নাগরিক সেবা পেতে ভোগান্তি বাড়ার অভিযোগ তুলে তারা এ দাবি জানান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্যামনগর পৌরসভার সোনার মোড় মাছের সেটসংলগ্ন এলাকায় শ্যামনগর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক, শ্রমিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর একটি প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। পৌরসভার অন্তর্ভুক্ত এলাকার বড় একটি অংশ এখনো প্রত্যন্ত গ্রামাঞ্চল। এসব এলাকার মানুষের প্রধান আয়ের উৎস কৃষি, মৎস্য ও শ্রম। ফলে পৌরকর ও বিভিন্ন ফি সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করেছে বলে দাবি করেন তারা।
বক্তাদের অভিযোগ, পৌরসভা গঠনের সময় জনসংখ্যা, জনবসতির ধরন, কৃষি ও অকৃষি জমির পরিমাণ এবং এলাকার আর্থসামাজিক বাস্তবতা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ভুরুলিয়া ইউনিয়নের একটি অংশ ও ঈশ্বরীপুর ইউনিয়নের কিছু এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত করায় স্থানীয় প্রশাসনিক কাঠামো ও সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব পড়েছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে শ্যামনগর উপজেলা উন্নয়ন ফোরামের আহ্বায়ক গাজী আশরাফুজ্জামান বলেন, শ্যামনগরের অধিকাংশ মানুষ কৃষক, শ্রমিক, মৎস্যজীবী ও নিম্নআয়ের। তাদের ওপর অতিরিক্ত কর ও ফি-এর চাপ সৃষ্টি করে উন্নয়ন টেকসই করা সম্ভব নয়।
তিনি বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু উন্নয়নের নামে দরিদ্র মানুষের ওপর এমন আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না, যা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে।”
তিনি আরও বলেন, শ্যামনগরের মতো প্রত্যন্ত ও নদী-খালবেষ্টিত এলাকায় পৌর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবা কতটা টেকসইভাবে নিশ্চিত করা সম্ভব, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
গাজী আশরাফুজ্জামানের অভিযোগ, পৌরসভা হওয়ার পর নাগরিক সেবা পেতে সাধারণ মানুষের সময় ও ব্যয় বেড়েছে। নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ও ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা পেতে আগের তুলনায় বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তিনি বলেন, “শ্যামনগরবাসী এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চায়। তাই জনগণের প্রাণের দাবি হিসেবে আমরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবি জানাচ্ছি।”
তিনি জানান, পৌরসভা বাতিলের দাবি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট পর্যায়ে কার্যক্রম চলছে।
মানববন্ধনটি পরিচালনা করেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে শ্যামনগরে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম মাস্টার মাসুম বিল্লাহ। তিনি পৌরসভা গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জনগণের মতামত ও এলাকার বাস্তবতা বিবেচনার দাবি জানান।
আয়োজকদের দাবি, শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে এর আগে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও দলিল লেখকদের কলমবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতে রিট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়েও অভিযোগ করা হয়েছে বলেও জানান তারা।
মানববন্ধনে মাজট-কাশিপুর এলাকার সাবেক ইউপি সদস্য মুক্তার আলীসহ স্থানীয় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে বক্তারা শ্যামনগর পৌরসভা গঠনের বিষয়টি পুনরায় পর্যালোচনা ও তদন্ত করে স্থানীয় জনগণের দাবি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সিটি/রসোশ্যাপ্র
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
খুলনাSeptember 20, 2026শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে সড়ক অবরোধ
খুলনাSeptember 14, 2026শ্যামনগরে বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
খুলনাSeptember 13, 2026শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

















