অশ্রুসিক্ত নয়নে ফুলেল ভালোবাসায় মানিকগঞ্জের হরিরামপুর থানা থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন। বদলিজনিত কারণে বুধবার (২৩ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলের উদ্দেশে থানা ছাড়েন তিনি। প্রিয় ওসিকে বিদায় জানাতে থানায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তৈরি হয় আবেগঘন পরিবেশ।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে থানা প্রাঙ্গণে বিদায়ী ওসিকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে স্বাগত জানাতে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানে বিদায়ী ওসি আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। একই সঙ্গে নবাগত ওসি তৌফিক আজমকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় ও স্মৃতিচারণের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়ী ওসির প্রতি স্থানীয়দের ভালোবাসার প্রকাশ ঘটে উপহারেও। কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি নিয়ে আসেন। আনুষ্ঠানিকতার বাইরে এসব উপহারকে স্থানীয়রা তাদের ব্যক্তিগত আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন।
সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হাত নেড়ে বিদায় জানান। অনেকের চোখে তখন অশ্রু দেখা যায়।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হরিরামপুর থানার নতুন ওসি হিসেবে জে ও এম তৌফিক আজম যোগদান করেন। তার দায়িত্ব গ্রহণের পরদিনই বিদায়ী ওসিকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, “ওসি আফজাল হোসেন সুন্দরভাবে হরিরামপুরকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ ও নামাজি মানুষ। তিনি প্রতিদিন সকালে হাঁটার ছলে বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করেছেন। কোন এলাকার কী অবস্থা, তা সরেজমিনে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।”
নবাগত ওসি জে ও এম তৌফিক আজম বলেন, “আমাদের বদলির চাকরি। আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুরবাসীর কাছে সহযোগিতা চাই।”
স্থানীয়দের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ওসি আফজাল হোসেন। হরিরামপুরে দায়িত্ব পালনকালে স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের কথা স্মরণ করে তিনি বলেন, “চাকরি ও বদলি একই সূত্রে গাঁথা। বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিলেন, তা সত্যিই অকল্পনীয়। এরকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখিনি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের কাছে দোয়া চাই। হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্ক ও স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।”
সিটি/এমকেএসটি
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
সর্বশেষSeptember 23, 2026শান্তিগঞ্জের হাওরে ১০০ মিটার অবৈধ রিংজাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষSeptember 23, 2026অশ্রুসিক্ত বিদায়, হরিরামপুর ছাড়লেন ওসি আফজাল
প্রবাসSeptember 23, 2026দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশি শেখ আল মামুন
সর্বশেষSeptember 1, 2026দোয়ারাবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
















