নিজস্ব প্রতিবেদকঃ সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই প্রতিক্রিয়া জানান।
প্রতিক্রিয়ায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘সিলেট ওয়াসার চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমার জন্য যেমন সম্মানের, তেমনি এক বিশাল দায়িত্বেরও। আমি এই গুরুদায়িত্বকে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং সিলেট নগরবাসীর সেবা করার একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছি।’
সিলেট নগরীর পানি ও সার্বিক অবকাঠামোগত বিষয় নিয়ে আলোকপাত করে তিনি বলেন, ‘সিলেট একটি দ্রুত সম্প্রসারিত নগরী। নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন এবং ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।’
নবনিযুক্ত চেয়ারম্যান আরও যুক্ত করেন, ‘সিলেট ওয়াসাকে একটি শতভাগ জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। নাগরিকদের যেকোনো ন্যায়সংগত প্রত্যাশা ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়নে আমি বদ্ধপরিকর।’
পরিশেষে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার পূর্ণ মর্যাদা রক্ষা করা এবং সিলেট নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।’
সিটি/লিআ/নিপ্র
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 19, 2026শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট
চায়ের রাজ্যAugust 24, 2026সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩
চায়ের রাজ্যAugust 22, 2026সিলেটে ডিসি অফিসের নাম্বার হ্যাকড করে টাকা দাবি
চায়ের রাজ্যAugust 17, 2026ওসমানীনগরের কাশিকাপনে আবারো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫















