সিলেটFriday, 25 September 2026

সিলেটে দম্পতিসহ ৩ হত্যা, বাবুল ৪ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহিত

সিলেট মহানগরীর রায় নগর এলাকার মিতালী আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’য় প্রবীণ দম্পতি ও গৃহপরিচারিকাসহ তিনজনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে (৪০) চার দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় ট্রিপল মার্ডারের নেপথ্য রহস্য উদঘাটন ও গভীর জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপির) উপকমিশনার (গণমাধ্যম কর্মকর্তা) মো. মনজুরুল আলম।

ঘটনার নির্মমতায় পুরো সিলেটজুড়ে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ আসর সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে প্রবীণ দম্পতি মো. আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের জানাজা সম্পন্ন হয়। পরবর্তীতে মানিকপীর টিলায় তাঁদের দাফন সম্পন্ন করা হয়।

দাফনের আনুষ্ঠানিকতা শেষে ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে নিহতদের যুক্তরাজ্যপ্রবাসী মেয়ে সেলিনা বেগম এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে আরিফ ইফতেখার সিলেটের কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত সেই অভিযোগে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করা হয়েছে।

এর আগে নিহতের স্বজনেরা প্রবাস থেকে তড়িঘড়ি করে সিলেটে পৌঁছান। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুক্তরাজ্যপ্রবাসী দুই মেয়ে নির্ধারিত ফ্লাইটের বিলম্বের কারণে দুপুর দেড়টায় সিলেটে পৌঁছে সরাসরি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে ময়নাতদন্ত শেষে মা-বাবার মরদেহ নিয়ে রায়নগরের বাসায় ফেরেন তারা। পরবর্তীতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে পৌঁছান নিহত দম্পতির প্রবাসী ছেলে আরিফ ইফতেখার। তিনি বিমানবন্দর থেকে সরাসরি বাসায় গিয়ে মা-বাবাকে শেষবারের মতো দেখেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট (বুধবার) সকাল ৯টার দিকে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলা’য় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত বাবুল মিয়াকে রায়নগর রাজবাড়ী এলাকার একটি কলোনি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই বাবুল পুলিশের কাছে তিনজনকে নিজ হাতে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছোরা উদ্ধার করে পুলিশ।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে বাবুল জানায়, নিহত গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার দীর্ঘদিনের জানাশোনা ও প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে পূর্ব পরিচিতির সুযোগ নিয়ে বাবুল ওই বাসায় যায়। দরজা নাড়া দিলে তাহমিনা নিজে তা খুলে তাকে ঘরের ভেতরে প্রবেশ করতে দেন। ঘরের একটি কক্ষে ঢুকে বাবুল তাহমিনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়। তাহমিনা এতে তীব্র অমত প্রকাশ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবুল সঙ্গে আনা ধারালো ছুরি দিয়ে তাহমিনাকে এলোপাতাড়ি আঘাত করে।

তাহমিনার চিৎকার শুনে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম তাকে বাঁচাতে এগিয়ে এলে বাবুল তাকেও কুপিয়ে জখম করে। পরবর্তীতে বাসার মালিক প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার এগিয়ে এলে বাবুলের সঙ্গে তার প্রচণ্ড ধস্তাধস্তি হয়। এ সময় বাবুল তাকেও কুপিয়ে হত্যা করে। তিনজনের রক্তস্নাত দেহ ঘরের মধ্যে ফেলে রেখে আসামি বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়।

নিহত মো. আব্দুস সাত্তারের (৮২) মূল বাড়ি বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা এলাকায়। তিনি একসময় সিলেটের সুপরিচিত কয়লা ব্যবসায়ী ছিলেন এবং সিলেট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন। মিতালী আবাসিক এলাকায় তাঁর মালিকানাধীন পাশাপাশি দুটি তিনতলা ভবন রয়েছে। এর মধ্যে ১১১ নম্বর ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনাকে (২৫) নিয়ে তিনি নিজে বসবাস করতেন এবং অন্যান্য তলাগুলো ভাড়া দেওয়া ছিল। নিহতের এক ছেলে ও তিন মেয়ে; যার মধ্যে এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং দুই মেয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করেন। সাত্তার মিয়া বৃদ্ধ বয়সে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

রিমান্ডে নিয়ে বাবুলকে আরও নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই নৃশংস ট্রিপল মার্ডারের পেছনে অন্য কোনো আর্থিক বা ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা প্ররোচনা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ: রাজনৈতিক নয়, ব্যাক্তিগত দ্বন্দ্ব

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘর ভাঙচুর

‘ডাক্তারদের সময়মতো আসতেই হবে’: ওসমানীতে স্বাস্থ্যমন্ত্রী

খুলছে সুন্দরবনের দুয়ার, উৎফুল্ল পর্যটক, আতঙ্কে বনজীবীরা

অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার

পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী

ছবি : প্রতিকী

ওসমানীনগরের কাশিকাপনে আবারো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা: তদন্তে নামল জেলা প্রশাসন

দক্ষিণ সুরমায় ট্রাক-বাস-সিএনজি ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক সাবেক বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম