সিলেট নগরের রায়নগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আসামি বাবুল মিয়া। গ্রেফতারের পর পুলিশের কাছে গৃহপরিচারিকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বললেও আদালতে সম্পূর্ণ ভিন্ন বর্ণনা দিয়েছে সে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে এই জবানবন্দি দেয় বাবুল। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে বাবুল মিয়া জানায়, বাসা ভাড়ার টাকা জোগাড়ে চুরি করতে গিয়ে ওই বাড়িতে যায় সে। আগের দিন রাতে বাসার মালিক তাকে বাসা ছেড়ে যেতে বলে। তাই সে সিদ্ধান্ত নেয় রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলা’য় চুরি করবে—যেখানে সব সময় টাকা-পয়সা থাকে বলে তার ধারণা ছিল।
১২ আগস্ট সকাল ৯টা ২৫ মিনিটের দিকে সে ওই বাসায় যায়। সিসি ক্যামেরার কথা জানা থাকায় বেলকনিতে উঠে যে কক্ষ খোলা পায় সেখানে ঢুকে পড়ে। সঙ্গে ছিল একটি ছুরি।
বাসায় ঢুকে সে প্রথমে গৃহপরিচারিকা তাহমিনার মুখোমুখি হয়। তাহমিনা দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে ধরে তাকে ছুরিকাঘাত করে বাবুল। তার চিৎকার শুনে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম এসে বাবুলের পিঠে চড়াও হলে পেছনে না তাকিয়েই ছুরি চালিয়ে দেন তিনি—যাতে সুরাইয়া বেগমের গলায় লেগে যায়। পরে তাকেও বেশ কয়েকবার আঘাত করা হয়।
একপর্যায়ে গৃহকর্তা আব্দুস সাত্তার ঘটনা দেখে ফেলায় তাকেও খুন করে বাবুল।
তিনজনকে খুনের পর শরীরের রক্ত পরিষ্কার করে বাবুল একটি কক্ষে টাকা-পয়সা খুঁজতে থাকে। কিছু ৫০০ টাকার নোট পায়, যা পরে গুনে দেখে ১৫ হাজার টাকা। কিন্তু বাসার মোবাইল ফোন বেজে ওঠা ও মূল দরজার পাশে কেউ কথা বলার কারণে দ্রুত বারান্দা দিয়ে নিচে নেমে যায় সে।
পরে বিকেলে বাসায় ফিরলেই পুলিশ তাকে গ্রেফতার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, রিমান্ড শেষে বাবুল আদালতে জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করে। ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করার পর তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫) খুন হন। নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এবং সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন।
সিটি/লিআ/ডেস্ক
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
চায়ের রাজ্যSeptember 19, 2026এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স
চায়ের রাজ্যSeptember 15, 2026গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি
চায়ের রাজ্যSeptember 15, 2026শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

















