সিলেটThursday, 24 September 2026

শহীদদের আদর্শ ধারণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি মালিকের

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের যেমন গুরুত্বপূর্ণ অবদান ছিল, তেমনি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও এ আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভূমিকা রেখেছে।

গতকাল বুধবার (৫ আগস্ট) সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউটের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম এ মালিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তাঁদের আদর্শ ও চেতনা ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্য বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের গৌরবময় ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

ইন্সট্রাক্টর (নন-টেক) দেবযানী তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সায়াদ হোসেন সুজন, সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান নিপু, রাবেল আহমদ, জুলাই আন্দোলনে আহত ফয়জুর রহমান সিফাত, শাফিন আহম্মেদ, ছাত্রশিবির নেতা হাফিজুর রহমান এবং কারিগরি ছাত্র আন্দোলনের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি আবু যুবায়ের হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের প্রধান ফখরুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত