দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের অধিকার ও মানবাধিকার সুরক্ষায় দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘সিটিজেন হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি অভিবাসী অধিকারকর্মী ও চলচ্চিত্র নির্মাতা শেখ আল মামুন।
সিউলে আয়োজিত Seoul Bar Association-এর ১১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এবারের ‘সিটিজেন হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’-এ শেখ আল মামুনের পাশাপাশি কোরিয়ার নারী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন Korean Women Workers Association-কে সম্মানিত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকেই শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ শুরু করেন শেখ আল মামুন। কর্মক্ষেত্রে বৈষম্য, মজুরি, আবাসন ও শ্রমিকদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে সচেতনতা তৈরি এবং অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত রয়েছেন তিনি।
অভিবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ, ন্যায্য মজুরি, নিরাপদ আবাসন ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন শেখ আল মামুন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিক ও শরণার্থীদের জীবনসংগ্রাম এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরছেন তিনি।
তার নির্মিত ‘Vinylhouse Is Not a Home’ ও ‘No Way Out’ চলচ্চিত্রে অভিবাসী শ্রমিক ও শরণার্থীদের জীবন এবং তাদের বিভিন্ন সংকটের চিত্র উঠে এসেছে। চলচ্চিত্র ও মানবাধিকার কার্যক্রমের মাধ্যমে কোরীয় সমাজে অভিবাসীদের জীবন ও অধিকারসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরার বিষয়টিও সম্মাননা প্রদানের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
পুরস্কার পাওয়ার পর শেখ আল মামুন বলেন, এ স্বীকৃতি শুধু তার একার নয়; দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের অধিকার ও মানবাধিকার নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, এটি তাদের সবার অর্জন। অভিবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশি হিসেবে এমন একটি সম্মাননা পাওয়ায় নিজের আনন্দ ও গর্বের কথাও জানান শেখ আল মামুন। তার ভাষ্য, এই স্বীকৃতি অভিবাসীদের অধিকার নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
Seoul Bar Association-এর আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি চো সুন-ইওলসহ আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মানবাধিকার পুরস্কারের পাশাপাশি আইনজীবী, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানকেও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ায় একজন বাংলাদেশি অভিবাসী শ্রমিক থেকে অধিকারকর্মী ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে শেখ আল মামুনের এই অর্জন দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
সিটি/এমকেএসটি
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
সর্বশেষSeptember 23, 2026শান্তিগঞ্জের হাওরে ১০০ মিটার অবৈধ রিংজাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষSeptember 23, 2026অশ্রুসিক্ত বিদায়, হরিরামপুর ছাড়লেন ওসি আফজাল
প্রবাসSeptember 23, 2026দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশি শেখ আল মামুন
সর্বশেষSeptember 1, 2026দোয়ারাবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
















