সিলেটThursday, 24 September 2026

সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে তীব্র দাবদাহের মধ্যে অবর্ণনীয় ভোগান্তি সৃষ্টি করা মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুরমা বয়েজ ক্লাব। অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না করা হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্লাবের নেতারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় সিলেট নগরীর ৫ নম্বর ওয়ার্ডের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় ক্লাব প্রাঙ্গণে ও প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড তাপদাহের মাঝে দিনে-রাতে ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় নগরবাসীর জনজীবন একবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে ছোট শিশু, প্রবীণ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। বিদ্যুতের এই তীব্র সংকটে একদিকে শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা নেমে এসেছে।’

বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বক্তারা আরও বলেন, নির্দিষ্ট কোনো শিডিউল বা পূর্বঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সিলেট নগরীতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না করা হলে এলাকার সাধারণ অধিবাসীদের সঙ্গে নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আঞ্চলিক কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সদস্য মাসুক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ ভুক্তভোগী বাসিন্দারা।

মানববন্ধন শেষে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করে লোডশেডিং সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানান স্থানীয়রা।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত