নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর সেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত চাহিদা পূরণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ লক্ষ্যে সিসিকে দ্রুত একজন ফোকাল পয়েন্ট নিয়োগ এবং পর্যায়ক্রমে একটি পৃথক ‘পিপিপি সেল’ গঠন করা হবে।
গতকাল রবিবার (৯ আগস্ট) নগরীর দরগা গেট এলাকার একটি হোটেলের হলরুমে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিসিক ও এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ‘সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস (এসইউডব্লিউসি)’ কর্মসূচির আওতায় ৮ ও ৯ আগস্ট এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সীমিত সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাতের অর্থ, প্রযুক্তি ও ব্যবস্থাপনা দক্ষতাকে কাজে লাগাতে সিসিক আগ্রহী। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা পিপিপির কাঠামো, প্রকল্প প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন আমরা একটি সম্ভাবনাময় প্রকল্পকে পাইলট হিসেবে এগিয়ে নেওয়ার পাশাপাশি পৃথক পিপিপি সেল গঠন করব, যা পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।”
এর আগে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। প্রশিক্ষণে সিসিকের ৩৬ জন কর্মকর্তা অংশ নেন। দুই দিনের এই সেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, পার্কিং, বাজার, টার্মিনাল ও সড়কবাতির মতো সম্ভাবনাময় খাতগুলোতে পিপিপির প্রয়োগ নিয়ে আলোচনা হয়। এছাড়া দলগতভাবে সিসিকের জন্য ৯০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনার খসড়াও তৈরি করা হয়।
প্রশিক্ষণে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সম্পদ ব্যক্তি (রিসোর্স পারসন) হিসেবে আলোচনা করেন পিপিপি কর্তৃপক্ষের পরিচালক মো. আলী আজম আল আজাদ, পিপিপি বিশেষজ্ঞ এম মুর্শেদ হায়দার এবং এসএনভির পাবলিক ফাইন্যান্স অ্যাডভাইজার এম জি শাওন।
সিসিক সংশ্লিষ্টরা জানান, ক্রমবর্ধমান নগর সেবার চাহিদা পূরণে পিপিপি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে এবং সিসিকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
সিটি/লিআ/নিপ্র
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 19, 2026শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট
চায়ের রাজ্যAugust 24, 2026সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩
চায়ের রাজ্যAugust 22, 2026সিলেটে ডিসি অফিসের নাম্বার হ্যাকড করে টাকা দাবি
চায়ের রাজ্যAugust 17, 2026ওসমানীনগরের কাশিকাপনে আবারো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

















