সিলেটThursday, 24 September 2026

‘হাসিনা কার্ড’ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসাথে চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট ট্রিবিউন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ও ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, একদিকে ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে ‘হাসিনা কার্ড’ হিসেবে ব্যবহার করবেন, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইবেন এ দুটি বিষয় সম্পূর্ণ পরস্পরবিরোধী।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকারের পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পত্রিকায় দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার দেওয়া বক্তব্য ভারত সমর্থন করে না। তাহলে ভারতের মাটিতে তাকে বারবার ভার্চুয়াল মিটিং করার সুযোগ দেওয়া কি তারা সমর্থন করেন? এভাবে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না।”

প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “আমরা ভারতের সাথে পারস্পরিক মর্যাদা, সম্মান এবং সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক রাখতে চাই। আমাদের সম্পর্কে আন্তনির্ভরশীলতা আছে এবং আমরা তা শক্তি মনে করি। তবে আওয়ামী লীগের মতো নতজানু হয়ে নয়, দেশের স্বার্থ বজায় রেখে বন্ধুত্ব রক্ষা করা হবে।”

লন্ডন বা ভারতে বসে নিজের বা তারেক রহমানের রাজনীতির সাথে শেখ হাসিনার অবস্থান মেলানোর চেষ্টার কঠোর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের সাথে হাসিনার মূল ব্যবধান হলো—আমরা ফ্যাসিবাদের অংশ ছিলাম না, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে জোরপূর্বক নির্বাসিত ও অত্যাচারিত হয়েছি। আর শেখ হাসিনা হাজারো মানুষ গণহারে হত্যা করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে পালিয়েছেন।”

আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হিটলারের গণহত্যার পর যেমন তার দলের বিচার হয়েছিল, তেমনি বাংলাদেশে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ এবং আইসিটি অ্যাক্ট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চলছে। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবে নাকি তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে—আইনেই সব বিধান রয়েছে। একই সাথে ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার দোসরা বিচারের মুখোমুখি হচ্ছেন।”
সংগঠনটির শিক্ষক নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন।

সিটি/লিআ/সিটিডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত