সাতক্ষীরায় কলেজশিক্ষার্থী জাকারিয়া খান হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিচারপ্রত্যাশীরা। শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আযাদ হোসেন বেলাল। সঞ্চালনা করেন সদস্যসচিব শেখ মাসুম বিল্লাহ শাহীন।
এতে বক্তব্য দেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, অ্যাডভোকেট আকবার হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী ও আল ইমরান ইমু, শ্রমিক নেতা আব্দুল আজিজ বাবু, নবাবজান ও অজিয়ার রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, জাকারিয়া হত্যাকাণ্ডের দেড় সপ্তাহ পার হতে চললেও বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক। মামলার প্রধান আসামি নাহিদকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের কৃতিত্ব কম বলেও মন্তব্য করেন তাঁরা। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে পুলিশের সক্ষমতা প্রমাণের দাবি জানান বক্তারা।
তাঁরা আরও বলেন, অবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার করা না হলে পুরো জেলাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কয়েকজন কিশোরের বিরোধ হয়। বাপ্পি হাসানকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন কলেজশিক্ষার্থী জাকারিয়া খান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
খুলনাNovember 8, 2026সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভায় অপসাংবাদিকতা ও অপরাধ দমনে কঠোর বার্তা
খুলনাNovember 8, 2026সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু
খুলনাNovember 5, 2026শ্যামনগরে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ ইন্টারনেট ও সাইবার সচেতনতা সেশন
খুলনাNovember 5, 2026সাতক্ষীরায় বাসচাপায় নারী নিহত


















