সিলেট বিভাগে হাম পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৫ জন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ গেছে দুই শিশুর।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৮ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই সময় পর্যন্ত বিভাগে মোট হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩২০, হবিগঞ্জে ১৫৩ (যার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১১৫ সন্দেহজনক রোগীর মধ্যে ৪৫ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৪৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩২১ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন। একা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই ভর্তি আছেন ১৫১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
মৃত দুই শিশু হলো—হবিগঞ্জের তাসমিন (৬ মাস ৮ দিন) ও বিশ্বনাথের ৯ মাস বয়সী আরেক শিশু। এই দুই মৃত্যুতে বিভাগে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। এর মধ্যে সিলেটে ৪৮, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১২ এবং সুনামগঞ্জে ৫৪ জন রয়েছেন। অন্যদিকে, নিশ্চিত হামে এখন পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা এখন ১৩৮।
একদিনেই শতাধিক নতুন রোগী ভর্তি ও দুই শিশুর মৃত্যুর ঘটনা স্পষ্ট করে দিচ্ছে, সিলেটে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ করে শিশুদের মধ্যে এই প্রাণঘাতী রোগের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
সিটি/লিআ/ডেস্ক
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
চায়ের রাজ্যSeptember 19, 2026এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স
চায়ের রাজ্যSeptember 15, 2026গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি
চায়ের রাজ্যSeptember 15, 2026শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

















