সিলেটTuesday, 10 November 2026

শ্যামনগরে বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নম্বর কাশিমারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগ তুলে কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিমারী ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ায় তারা ক্ষুব্ধ ও হতাশ।

বিক্ষোভকারীদের দাবি, নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন ছয়জনকে বিভিন্ন পদে রাখা হয়েছে। তাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক আক্তার ফারুক মেম্বার এবং সদস্য মো. হামিদুল কবির বাবু, শহীদ সরদার, অমিয় কুমার রায়, সুপদ কুমার মণ্ডল ও রুহুল আমিন তরফদারের নাম উল্লেখ করেন তারা।

এ ছাড়া সদস্য সচিব আনোয়ার হোসেন ঢালীকে ‘গুপ্ত/সুপ্ত সমর্থক’ হিসেবে দাবি করে তার বিরুদ্ধেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে একজন মৃত ব্যক্তিকেও কমিটিতে পদ দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভকারীরা জানান, কমিটি ঘোষণার দিন সন্ধ্যায় তারা এর প্রতিবাদে কর্মসূচি পালন করেন। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের সঙ্গে যোগাযোগ করে আলোচনায় বসার আশ্বাস দেন। পরদিন কাশিমারীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হয়।

তাদের দাবি, ওই আলোচনায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জি এম সোলাইমান কবির ১১ সেপ্টেম্বরের মধ্যে কাশিমারী ইউনিয়ন বিএনপির কমিটি পুনর্গঠন বা রিশাফল করার আশ্বাস দেন। ওই আশ্বাসের ওপর আস্থা রেখে তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন।

তবে ১১ সেপ্টেম্বর পার হয়ে ১২ ও ১৩ সেপ্টেম্বরও চলে গেলেও কমিটি পুনর্গঠনের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তারা সুস্পষ্ট আশ্বাস পাননি বলে দাবি করেন।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কাশিমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আইজুল হক সরদার নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় না বসে বিভিন্ন ওয়ার্ডে গোপনে কমিটি গঠনের জন্য যোগাযোগ করছেন।

এদিকে, কমিটি নিয়ে ক্ষোভের জেরে কাশিমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ ৩৫ থেকে ৩৬ জন নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সমাবেশে বক্তারা বলেন, কাশিমারী ইউনিয়নে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আরও হতাশা সৃষ্টি হবে।

সমাবেশ থেকে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে বর্তমান কমিটি পরিবর্তন ও পুনর্গঠন করা না হলে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, তারা সংঘাত বা বিশৃঙ্খলা চান না। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে গ্রহণযোগ্য একটি কমিটি চান তারা। এ বিষয়ে দ্রুত উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ কার্যকর পদক্ষেপ নেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

সিটি/রাসোশ্যাপ্র

সংবাদ প্রকাশক

মোঃ রাকিবুল্যাহ সোহাগ শ্যামনগর প্রতিনিধি
মোঃ রাকিবুল্যাহ সোহাগ শ্যামনগর প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ