সিলেটThursday, 24 September 2026

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

ছবি : প্রতীকি

সিলেটট্রিবিউন ডেস্কঃ সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় সারা দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের কারণে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এই সতর্কতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সারা দেশে একই দিনে বোমা হামলার আশঙ্কা রয়েছে এমন গোপন সংবাদ নিশ্চিত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা নিয়মিত টহল, মোবাইল ডিউটি এবং নিরাপত্তা চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর, অস্বাভাবিক বা সন্দেহজনক ঘটনা ঘটলে কিংবা কোনো তথ্য পেলে তা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দিয়েছে সদর দপ্তর।

ইতোমধ্যেই ওয়্যারলেস বার্তা ও বিশেষ মেসেজের মাধ্যমে দেশের সবকটি জেলার ইউনিট প্রধান ও দায়িত্বরত কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য