সিলেটMonday, 9 November 2026

যে মাদ্রাসায় ছাত্র হয়ে এসেছিলেন, ৪৩ বছর পর সেখান থেকেই শিক্ষকের বিদায়

একদিন ছাত্র হয়ে যে প্রতিষ্ঠানে এসেছিলেন, সেখানেই শিক্ষক হিসেবে কাটিয়েছেন জীবনের চার দশকেরও বেশি সময়। দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবন শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা থেকে বিদায় নিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ। তাঁর অবসর উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের চোখে ছিল অশ্রু, আর কণ্ঠে ছিল প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন সুপারিনটেনডেন্ট মাওলানা আবুল বাশার। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের শুরুতেই মাদ্রাসায় প্রবেশের সময় ফুল দিয়ে প্রিয় শিক্ষককে বরণ করে নেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও পাশে ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন অমলকৃষ্ণ মন্ডল, সজিবুল ইসলাম, সুমন কুমার সরকার ও সুরাইয়া নাসরিন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন আব্দুল আজিজ ও রাশিদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণির নুর আলম, সিমলা খাতুন ও ফাতেমা খাতুন বক্তব্য দেন।

বক্তারা আব্দুল মজিদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, আন্তরিকতা ও সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত তৈরি হয় বিদায়ী শিক্ষকের মেয়ে ও মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মাকসুদা খাতুন শিল্পীর বক্তব্যে। তিনি বলেন, ‘আমরা তিন ভাইবোন বাবার এই প্রতিষ্ঠানেই লেখাপড়া করেছি। বাবা কখনো শ্রেণিকক্ষে আমাদের আলাদা নজরে দেখেননি, সবাইকে একই নজরে দেখতেন।’

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে বাবার দিকে তাকিয়ে তিনি বলেন, ‘বাবা, কখনো বলা হয়নি, আমি আপনাকে অনেক ভালোবাসি।’ তাঁর এ কথায় নীরব হয়ে যায় পুরো মিলনায়তন। উপস্থিত অনেকের চোখেও তখন অশ্রু দেখা যায়। বিদায়ী শিক্ষকের নাতি ফারহান তানজিম কাব্যও দাদুকে নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ দিকে বক্তব্য দেন আব্দুল মজিদ। নিজের শিক্ষকজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই প্রতিষ্ঠান থেকেই তিনি দাখিল পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। পরে একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি পুরোনো সহকর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শিক্ষার্থীদের শিক্ষকদের শ্রদ্ধা করার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন।

পরে সুপারিনটেনডেন্ট মাওলানা আবুল বাশার বিদায়ী শিক্ষকের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি গোলাম মোস্তফা বক্তব্য দেন। পরে আব্দুল মজিদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

১৯৮৩ সালের ১ জুলাই আব্দুল মজিদ যাদবপুর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এর কয়েক বছর আগে তিনি এই প্রতিষ্ঠান থেকেই দাখিল পাস করেছিলেন। দীর্ঘ ৪৩ বছরের শিক্ষকতা শেষে প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেও অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার স্মৃতি হয়ে থাকলেন তিনি।

সিটি/আরএসএসসি

সংবাদ প্রকাশক

মোঃ রাকিবুল্যাহ সোহাগ শ্যামনগর প্রতিনিধি
মোঃ রাকিবুল্যাহ সোহাগ শ্যামনগর প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শান্তিগঞ্জের হাওরে ১০০ মিটার অবৈধ রিংজাল পুড়িয়ে ধ্বংস

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে সাতক্ষীরায় চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ

ছবি : প্রতিকী

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৮ জন

কোটি টাকা কেন্দ্র করে উত্তপ্ত সাতক্ষীরার নবারুণ বালিকা বিদ্যালয়

ছবি : প্রতিকী

মহামারির নতুন রূপ সিলেটে: কেড়ে নিয়েছে ১২৮ প্রাণ

পিপিপি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে সিলেট সিটি করপোরেশন

ছবিঃ সংগৃহিত

সিসিকের এসটিএস পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, নির্বাচন নিয়ে বড় বার্তা

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী সমিতি

শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে যোগ দিতে নারাজ অধ্যাপক আতিকুল