সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’। মাসব্যাপী এ মেলায় সিলেটের নারী উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেবেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রায় ১৫০টি স্টল থাকবে। এসব স্টলে দেশীয় বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী, খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, সিলেট অঞ্চলে গত তিন বছরে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনের পক্ষ থেকে এ মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ অক্টোবর উদ্বোধনের পর শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী মেলা চলবে।
তিনি বলেন, মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও প্রচারের পাশাপাশি বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সংগঠন। মেলা আয়োজনের জন্য সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় মেলা চলাকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তার অনুমোদনও রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মেলার মাঠ ও অবকাঠামোগত প্রস্তুতি প্রসঙ্গে সভাপতি বলেন, উদ্বোধনের আগে মাঠ সাজানো, লাইটিং, মেলার গেট, অফিসসহ বিভিন্ন অবকাঠামোগত কাজের অনুমোদন রয়েছে সিলেট সদর উপজেলার। এসব কাজে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সার্বিক সহযোগিতা করবে সিলভেন্ট প্ল্যানার্স।
এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যরা শাহী ঈদগাহ মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আয়োজকরা বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই মেলার অন্যতম উদ্দেশ্য। মাসব্যাপী আয়োজনে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিও রাখা হবে।
মেলায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সিলেটের সংসদ সদস্যদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করবে বলে আশা করছেন আয়োজকরা। মেলার সার্বিক প্রস্তুতি, স্টল বরাদ্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্মসূচির বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের পণ্যের প্রচার এবং নতুন বাজার তৈরির সুযোগ পাবেন। একই সঙ্গে সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারেও মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী ও তাহমিনা হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মেলাটি সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।
সিটি/লিআ
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
খুলনাSeptember 23, 2026শিশু হত্যা ও নিখোঁজের ঘটনায় বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
খুলনাSeptember 23, 2026সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ ওষুধ ব্যবসায়ী নিহত
খুলনাSeptember 22, 2026সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
খুলনাSeptember 18, 2026সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

















