বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিএনপির প্রার্থীদের পরাজয়ের পেছনে দলের কিছু নেতা-কর্মী দায়ী বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর অভিযোগ, দিনে বিএনপির রাজনীতি করলেও রাতে গুপ্ত ষড়যন্ত্রের মাধ্যমে দলের প্রার্থীদের পরাজিত করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা বিএনপি আয়োজিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “চারজন এমপিকে হারানোর পেছনে আপনারা মুখ্য ভূমিকা পালন করেছেন। চারজন এমপিকে হারানোর জন্য দলের নেতারা ষড়যন্ত্র করেছেন। দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করেছেন।”
তিনি বলেন, “আমার কাছে সবার আমলনামা আছে। যদি জানতে চান, নিশ্চয়ই এই আমলনামা নিয়ে সবার সঙ্গে ওয়ান টু ওয়ান আমি কথা বলতে পারি। দিনে এসে বিএনপি করে গেছেন, রাতের অন্ধকারে গুপ্তদের সঙ্গে মিটিং করেছেন।”
দলের ভেতরে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি ও তারেক রহমানের বিএনপি করতে হলে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। নির্বাচনের সময় দল একজনকে মনোনয়ন দিলে তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, দল যখন একজনকে মনোনয়ন দেয়, তখন দলের নেতা-কর্মীদের তাঁর পক্ষে থাকতে হবে। তা না হলে দীর্ঘদিনের রাজনৈতিক অর্জন নষ্ট হয়ে যেতে পারে। রাজনীতি খুব নিষ্ঠুর জায়গা বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রার্থীদের পরাজিত করতে কিছু নেতা বিভিন্ন আসন থেকে লোকজন ডেকে রাতে বৈঠক করেছিলেন বলেও অভিযোগ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, যাঁরা এসব করেছেন, তাঁদের সঙ্গে রেকর্ডসহ ওয়ান টু ওয়ান কথা বলবেন।
দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল সংশ্লিষ্ট ব্যক্তির পাশে থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
মতবিনিময় সভায় নেতা-কর্মীদের বক্তব্যের ধরন নিয়েও কথা বলেন আসাদুজ্জামান। তিনি বলেন, অধিকাংশ নেতা বক্তব্যে ‘আমি’ শব্দটি বেশি ব্যবহার করেছেন—‘আমি সব করেছি, আমিই ত্যাগ করেছি, আমি নির্যাতিত হয়েছি’—এভাবে বক্তব্য দিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপির মৌলিক আদর্শের জায়গা হলো ‘আমরা’। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”
তিনি বলেন, “আমরা শব্দটা ব্যবহার করতে না পারলে সাতক্ষীরা বিএনপি, জেলা বিএনপি কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।” দলের নেতৃত্বে থাকা ব্যক্তিদের ‘আমিত্ব’ থেকে ‘আমরা’র মানসিকতায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
চাঁদাবাজি, দখলবাজি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান আইনমন্ত্রী। তিনি বলেন, কোনো নেতা-কর্মী যত ত্যাগী বা দলের প্রতি যতটা নিবেদিতই হোন না কেন, চাঁদাবাজি, দখলবাজি কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে জড়ালে তাঁকে আইনের হাতে সোপর্দ করা হবে।
মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু হাসান ডাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সিটি/হাহাসাপ্র
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
খুলনাSeptember 23, 2026শিশু হত্যা ও নিখোঁজের ঘটনায় বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
খুলনাSeptember 23, 2026সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ ওষুধ ব্যবসায়ী নিহত
খুলনাSeptember 22, 2026সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
খুলনাSeptember 18, 2026সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
















