Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Thursday, 06 August 2026
সিসিকের এসটিএস পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, নির্বাচন নিয়ে বড় বার্তা
Author
সিলেট ট্রিবিউন ২৪
Featured Image

নিজস্ব প্রতিবেদকঃ চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের সব কটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও তাদের বাজেট প্রস্তুত করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতি, আন্তঃবিভাগের সম্মতি ও স্থানীয় সরকারের সমন্বয়ে কোন স্তরের নির্বাচন আগে আর কোনটি পরে অনুষ্ঠিত হবে, তা আগস্ট মাসের পর অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন একসাথে বসে চূড়ান্ত করবে। তবে সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে চলতি অর্থবছরের মধ্যেই সব স্তরের নির্বাচন সম্পন্ন করা।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশে ফিরলে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে, তাকে জেলে যেতে হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।

এসটিএস পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি/লিআ/নিপ্র