বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিক্ষার্থীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার শ্যামনগরে সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে পিপিলিকা ইয়ুথ টিম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্যামনগরের ফুলবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান ও মূল সেশন পরিচালনা করেন পিপিলিকা ইয়ুথ টিমের সভাপতি মো. আল শাহারিয়া রোকন। সেশনের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের কর্মকর্তা ফারুক ইসলাম।
আলোচনায় রনজিত কুমার মণ্ডল বলেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন না হলে শিক্ষার্থীরা নানা অনলাইন ঝুঁকি ও প্রতারণার মুখে পড়তে পারে। তাই প্রযুক্তির পাশাপাশি সচেতনতা অর্জন অপরিহার্য। এছাড়া মাওলানা আবুল বাশার তাঁর বক্তব্যে অনলাইন জগতে নৈতিকতা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং অপরিচিত ব্যক্তি ও সন্দেহজনক লিংক থেকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সেশনে শিক্ষার্থীদের সাইবার ক্রাইমের ধারণা, অনলাইন নিরাপত্তা, অ্যাকাউন্ট সুরক্ষা এবং অনলাইন হয়রানির শিকার হলে করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।