সিলেটে ট্রেনে আসার পথে ছিনতাইকারীদের হামলায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) গুরুতর আহত হয়েছেন।
সহপাঠী সূত্রে জানা যায়, ট্রেনে ছাদ থেকে আসার পথে ছিনতাইকারীদের মুখোমুখি হন জাহিদুল। ছিনতাইকারীদের সাথে হাতাহাতির একপর্যায়ে তিনি ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মক জখম হন।
পরবর্তীতে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানান, জাহিদুলের একটি হাত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। মাথায় আঘাতের প্রকৃত অবস্থা ও গভীরতা পর্যালোচনার জন্য তাঁর সিটি স্ক্যান করানো হচ্ছে।
এদিকে সহপাঠী ও স্বজনরা আহত জাহিদুলের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।