Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Wednesday, 21 October 2026
আইজিপির কড়া তদারকি: তিন স্তরের নিরাপত্তায় শেষ দুর্গাপূজা
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দিকনির্দেশনা এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের প্রত্যক্ষ তদারকিতে দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে উদযাপিত শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। কোনো বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

পুলিশ সদর দপ্তর সূত্রের খবর, পূজা উপলক্ষে প্রারম্ভিক সময়, উৎসবের মূল দিনগুলো এবং প্রতিমা বিসর্জন—এই তিন ধাপে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত গোয়েন্দা নজরদারির পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি এবং ২২ হাজার বডি ওর্ন ক্যামেরার সাহায্যে পুরো পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হয়। একই সাথে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাইবার স্পেসের গুজব প্রতিরোধে কঠোর অবস্থান ছিল পুলিশের।

উৎসব চলাকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে আইজিপি মো. আলী হোসেন ফকির জানান, সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে এই উৎসব সফল হয়েছে। অপরাধ দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখায় সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিরাপত্তার পাশাপাশি এবার পূজামণ্ডপগুলোর সার্বিক সুরক্ষায় পুলিশের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি এবং প্রধানমন্ত্রীর নিজস্ব মণ্ডপ পরিদর্শনকে উৎসবের অন্যতম সামাজিক ও রাজনৈতিক মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়।