Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Saturday, 17 October 2026
সাতক্ষীরায় ৫৮ পূজামণ্ডপে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
Author
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
Featured Image

সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি পূজামণ্ডপে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব সদস্য ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার মায়ের বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মোট ২৯১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি মণ্ডপে সরাসরি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোট ২৯২টি পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ধর্মীয় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশাবাদী।