Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 06 October 2026
জাকারিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন
Author
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
Featured Image

সাতক্ষীরায় সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জাকারিয়া হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রিয় সহপাঠীর হত্যার বিচার দাবিতে তাদের মধ্যে ক্ষোভ প্রকাশ পায়।

মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মো. আরাফাত হোসাইন, কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান ও ফুফাতো ভাই তামিম।

বক্তারা বলেন, জাকারিয়া ছিলেন একজন কলেজশিক্ষার্থী। তার সামনে ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু সহিংসতার ঘটনায় তাকে প্রাণ হারাতে হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তারা জাকারিয়া হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান বলেন, তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি।

জাকারিয়া খান ২০২৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুর ঘটনায় কলেজের সহপাঠীদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধের ঘটনা ঘটে। এ সময় জাকারিয়া খান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাকারিয়ার ভাই মো. শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার নাহিদসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাকারিয়া হত্যার বিচার শুধু তার পরিবারের দাবি নয়, এটি সহপাঠীদেরও দাবি। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এ দাবিতে সোচ্চার থাকবেন।

সিটি/এইচএইচএসসি