Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Sunday, 20 September 2026
সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেটে গত দুই দিনে ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজন, জকিগঞ্জে মিছিল-সমাবেশের মামলায় একজন এবং নগরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে একজনকেসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ও শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওসমানীনগরের কাশিকাপন তেরমাইল এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির সময় ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করা হয়। পরে শনিবার সকালে একই ঘটনায় আরও চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন— সুফিয়ান আহমদ (২৬), মো. রুহেল আরমান (২৬), মো. রমজান হোসেন (২৬), মো. তোফাজ্জল হোসেন (২৫), সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) ও হৃদয় পাল (২০)।

এদিকে শুক্রবার রাতে সিলেট মহানগরের নোয়াগাঁও সাদিপুর এলাকা থেকে মেহেদী আহমদ (২১) নামে আরও একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী এবং তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিলসহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রাম থেকে খালেদ আহমদ (২৬) নামে একজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় জকিগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। খালেদ বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিটি/লিআ