Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 15 September 2026
সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু
Author
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
Featured Image
সাতক্ষীরার আশাশুনিতে টিপা/পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে আজহারুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আজহারুল ইসলাম বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি স্থানীয় মুদি ব্যবসায়ী ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে টিপা/পটকা মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজহারুলের শ্বশুর আতিয়ার গাজী জানান, টিপা মাছ খাওয়ার পর তাঁর জামাতাসহ পরিবারের অন্য সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ আজহারুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অসুস্থ ব্যক্তিদের মধ্যে আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়ে রয়েছেন। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

এদিকে আজহারুল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিটি/হাহাসাপ্র