Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 15 September 2026
শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে তিনি মাজার এলাকায় পৌঁছান। এ সময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন।

রাষ্ট্রপতির মাজারে যাওয়া ও ফেরার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

এর আগে সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি নির্ধারিত সময়ের ১২ মিনিট পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শাহজালালের মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

সিটি/লিআ