Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Thursday, 10 September 2026
‘ছয় মাসে ৬০০ ধর্ষণ-বলাৎকার করেছে জামায়াত’: সাতক্ষীরায় বিএনপি নেতা ডাবলু
Author
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
Featured Image

বিএনপি সরকার গঠনের ছয় মাসে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অন্তত ৬০০ জনকে ধর্ষণ ও বলাৎকার করেছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে তোলপাড় শুরুর পাশাপাশি জেলা জামায়াতের পক্ষ থেকে চরম ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

আবু জাহিদ ডাবলু তাঁর বক্তব্যে দাবি করেন, “সরকারের বয়স মাত্র ছয় মাস। এই ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ করেছে। এটা প্রমাণিত। ৬০০-এর অধিক মাদ্রাসা ও অন্যান্য পুরুষকে বলাৎকার করেছে জামায়াতে ইসলামী। আমার কাছে এর সমস্ত কাগজপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রমাণ রয়েছে।”

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে জাতীয়তাবাদী মহিলা দলের অতীত ও বর্তমানের ত্যাগের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে বিএনপি নেতার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। একই দিন রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এ বক্তব্যকে সম্পূর্ণ ‘মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতাকে আহ্বান জানায় সংগঠনটি।

সিটি/হাহাসাপ্র