সিলেট অঞ্চলজুড়ে হামের বেসামাল আক্রমণ থামছেই না। আক্রান্তের নতুন কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান না মিললেও গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ১৫৩ জন নতুন রোগী শয্যাশায়ী হয়েছেন। এর মধ্যেই শহিদ শামসুদ্দিন হাসপাতালে ধুঁকে ধুঁকে প্রাণ হারিয়েছে মাত্র ৪ মাস ২১ দিন বয়সী মিম তাহসিন নিজাম নামের এক শিশু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগের চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, এই কচি প্রাণটির প্রয়াণে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা সিলেট জেলায়; যেখানে এককভাবে মারা গেছেন ৬৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২২ এবং মৌলভীবাজারে ১৪ জন প্রাণ হারিয়েছেন। পুরো বিভাগে এ পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।
হাসপাতালগুলোর পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, নতুন ভর্তি হওয়া ১৫৩ জনের বড় একটি অংশ ঠাঁই পেয়েছেন নগরীর বিশেষায়িত হাসপাতালগুলোতে। এর মধ্যে ওসমানী মেডিকেলে ৭১ জন, শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩৮ জন এবং বিভিন্ন বেসরকারি ও জেলা সদরের হাসপাতালে বাকিদের দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে।
বর্তমানে পুরো বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল শয্যাগুলোতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৪৯৯ জন আক্রান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আক্রান্ত শিশুদের প্রাণ রক্ষায় জরুরি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
সিটি/লিআ