Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Saturday, 05 September 2026
সিলেটে সন্তানদের ফেলে প্রেমিকসহ ভারতে পালানোর চেষ্টা : থানায় অভিযোগ
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

ছোট্ট দুই সন্তানকে ফেলে প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমানা বর্ডারে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন এক প্রবাসীর স্ত্রী ও তাঁর পরকীয়া প্রেমিক।

গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সিলেট সীমান্তের চাতলাপুর ইমিগ্রেশন কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকার মৃত মো. লিলু মিয়ার মেয়ে ফেরদৌস আক্তার নাজু (২৭) এবং তাঁর প্রেমিক গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে বুরহান উদ্দিন উজ্জ্বল (৩২)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ৯ বছরের ছেলে রিফাত ও ৪ বছরের মেয়ে তাবাসুমকে স্ত্রীর কাছে রেখে বিদেশে যান প্রবাসী হাবিবুর রহমান। স্বামীর অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ফেরদৌস আক্তার নাজু লিপ্ত হন পরকীয়া প্রেমে। ৩ সেপ্টেম্বর সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি দুই সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে ঘর নির্মাণের জন্য জমানো নগদ ৬ লাখ টাকা এবং ৪ লাখ টাকা মূল্যের ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের সাথে সিলেট রেল স্টেশন থেকে চাতলা বর্ডারের উদ্দেশ্যে রওনা হন। চাতলাপুর ইমিগ্রেশনে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে নাজু তাঁর প্রবাসী স্বামীর নম্বর দিলে ইমিগ্রেশন পুলিশ সরাসরি প্রবাসীর সাথে যোগাযোগ করে ঘটনাটি জানায়। পরে দুই পক্ষের অভিভাবকদের ডেকে এনে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ ঘটনায় প্রবাসীর বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ সুরমা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই কামরুজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) উভয় পক্ষের বাড়িতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিটি/প্রেবি