Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Friday, 04 September 2026
সিলেটে এনআইডি সংশোধন করতে গিয়ে লাঞ্ছিত প্রবাসী
Author
সিলেট ট্রিবিউন ডেস্ক
Featured Image

সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ এক কর্মকর্তার হাতে লাঞ্ছিত হয়েছেন এক প্রবাসী। সবার সামনে জকিগঞ্জ উপজেলার বাসিন্দা পর্তুগাল প্রবাসী ওই যুবকের দুই গালে চড় মারার তীব্র অভিযোগ উঠেছে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে।

ভুক্তভোগী প্রবাসী জানান, ২০১৮ সালে কাজের উদ্দেশ্যে পর্তুগাল যান এবং দীর্ঘদিন পর গত ১৪ আগস্ট দেশে ফেরেন। এনআইডি সংক্রান্ত জটিলতা নিরসনে বিমানের টিকিটসহ প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র নিয়ে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে আবেদনটি তিনি নিজে জমা দিয়েছেন কি না—এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উক্ত কর্মকর্তা আসন ছেড়ে উঠে এসে তাকে কক্ষের বাইরে এনে সবার সামনে চড় মারেন। কান্নাজড়িত কণ্ঠে ওই প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি রেমিট্যান্স যোদ্ধা হয়েও এমন অপমানের শিকার হলাম। প্রয়োজনীয় নথি দেখানো সত্ত্বেও আমাকে জেলা প্রশাসকের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একজন প্রথম শ্রেণির কর্মকর্তার এমন আচরণে আমি ভীষণ লজ্জিত ও আতঙ্কিত।”

অন্যদিকে অভিযুক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন চড় মারার বিষয়টি এড়িয়ে দাবি করেন, এনআইডি আবেদনে ফেস ডিটেকশনসহ কিছু নিয়ম থাকে। তিনি অন্য কাউকে দিয়ে আবেদন করিয়েছেন কি না তা নিয়ে কিছুটা বাগ্বিতণ্ডা ও ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে বিষয়টি সমাধান করে তাকে নতুন করে আবেদনের সঠিক নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সিটি/লিআ/ডেস্ক