Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 01 September 2026
সিলেটে বিএনপি কার্যালয়ের উদ্বোধন, অর্থনীতি চাঙ্গা করার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেট নগরীর তোপখানায় সিলেট মহানগর বিএনপির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান। জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূরীকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দলের যাত্রা শুরু হয়েছিল এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি এগিয়ে চলছে।

তিনি আরও জানান, প্রতি বছর বিপুল পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করতে হয়, যা বাণিজ্যের মোট পরিমাণ (ট্রেড ভলিউম) বৃদ্ধি ও নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে পূরণের চেষ্টা চলছে। এ ধারাবাহিকতায় সিলেটে নতুন বিসিক শিল্প নগরী তৈরির ঘোষণা দেন তিনি। সাংগঠনিক বিষয়ে তিনি উল্লেখ করেন, দল নির্দিষ্ট পরিকল্পনা ও কৌশল নিয়ে নেতাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেয়, যা দলীয় শক্তি ও নতুন উদ্যম যোগ করার অংশ।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।

অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কার্যালয়ের ফিতা উন্মোচন এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত ওয়েবিনারে অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরা হয় এবং জেলা-মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিটি/লিআ/প্রেবি