Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 01 September 2026
সাতক্ষীরায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে
Author
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
Featured Image

সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। নিহত ওই নারী সাতক্ষীরা শহরতলীর খেলারডাঙগী এলাকার মনসুর আলীর মেয়ে কোহিনুর বেগম (৩৪)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের মাগুরা এলাকার বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী শরিফুল ইসলাম তার ভ্যানে বালু লোড দেওয়ার একপর্যায়ে কাছেই মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে যান। সেখানে বিলের মধ্যে পানিতে বোরকা পরিহিত এক নারীর লাশ ভাসতে দেখে তিনি ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান। পরে আলমগীর হোসেন বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কোহিনুরের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

সিটি/হাহা/সাপ্র