সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ শিষ (২০)। তিনি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময়ে বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্রটি আরও জানায়, প্রেমঘটিত কারণে জামিল দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিটি/লিআ/ডেস্ক