Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 01 September 2026
মৃত্যুকূপে পরিণত সাতক্ষীরার ২৫০টি বিদ্যালয়, টিনের ঘরে চলছে পাঠদান
Author
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
Featured Image

সাতক্ষীরা জেলার ২৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও অপর্যাপ্ত অবকাঠামোর মধ্যে চরম ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। কোথাও ছাদ ও দেয়ালে ফাটল, আবার কোথাও টিন কিংবা গোলপাতার ছাদের নিচে বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে ভোগান্তির পাশাপাশি শিশুদের স্কুলে ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় মোট ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সাতটি উপজেলার ২৫০টি জরাজীর্ণ স্কুলের তালিকা ও তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখায় পাঠানো হয়েছে। সরেজমিনে আশাশুনি উপজেলার নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, বর্ষা মৌসুমে ঘরে পানি ঢুকে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।

শিক্ষক ও অভিভাবকদের মতে, প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ শিক্ষা গ্রহণের অন্যতম প্রধান শর্ত। জরাজীর্ণ ভবন ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে পিইডিপি-৫ (PEDP-5) প্রকল্পের আওতায় এসব জরাজীর্ণ ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুত নতুন ভবন নির্মাণ করা গেলে জেলায় নিরাপদ ও আনন্দমুখর শিক্ষাপরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

সিটি/হাহা/সাপ্র