সিলেট ট্রিবিউন ডেস্কঃ সিলেটের বহুল আলোচিত শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও নির্মমভাবে হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় জাকিরের দুই ভাইকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, শিশু ফাহিমাকে নির্যাতন ও হত্যার ঘটনাটি সিলেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণাদি পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত প্রধান আসামি জাকির হোসেনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন।
রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
সিটি/লিআ/সিটিডেস্ক