Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Monday, 31 August 2026
সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৮ জন
Author
সিলেট ট্রিবিউন ডেস্ক
Featured Image

সিলেট বিভাগে হাম পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটেছে। প্রতিদিন সন্দেহভাজন রোগী বাড়ায় হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট ও চরম চাপ তৈরি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪০৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ভর্তি হয়েছেন ১৩৮ জন।

সোমবার (৩১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সবচেয়ে বেশি ১৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৩৫৭ এবং সিলেটে ৩৬৩ জন। এছাড়া সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত বিভাগে মোট ১৫২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে স্বস্তির বিষয়, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু বা নতুন নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

বিপুলসংখ্যক রোগীর হাসপাতালমুখী হওয়ার এই ধারা প্রমাণ করে সংক্রমণ এখনও অনিয়ন্ত্রিত। মহামারি রোধে সংক্রমণ নিয়ন্ত্রণ জোরদার এবং হাসপাতালগুলোতে দ্রুত জরুরি চিকিৎসা ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিটি/লিআ/ডেস্ক