Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Sunday, 30 August 2026
সাতক্ষীরায় কালিগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি
Author
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
Featured Image

সাতক্ষীরায় অগণিত ক্রীড়ামোদীর উপচে পড়া ভিড় ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোমাঞ্চকর ফাইনালে কালিগঞ্জ উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আশাশুনি উপজেলা দল।

রোববার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের মেগা ফাইনালটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর ৯ মিনিটের মাথায় ৯ নম্বর জার্সিধারী সজীবের দুর্দান্ত গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আশাশুনি। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া কালিগঞ্জ খেলার ৮৫ মিনিটের মাথায় বিদেশি ফুটবলার আল আমিনের গোলে ১-১ সমতায় ফেরে। নির্ধারিত সময় শেষ পর্যন্ত সমতায় থাকায় খেলা গড়ায় পেনাল্টি টাইব্রেকারে।

টাইব্রেকারে আশাশুনির বিদেশি খেলোয়াড় বেনজামা প্রথম শটেই গোল করেন। জবাবে কালিগঞ্জের আল আমিনের প্রথম শটটি দক্ষ হাতে রুখে দেন আশাশুনির গোলরক্ষক শান্ত। এরপর আশাশুনি তাদের বাকি ৪টি শটেই গোল নিশ্চিত করলে ৫-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

রেফারি আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত এই ফাইনালে গ্যালারি ছিল দর্শকে ঠাসা। খেলা ছাড়াও মধ্যবিরতিতে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো টুর্নামেন্টকে এক উৎসবমুখর আমেজ দান করে।

সিটি/হাহা/সাপ্র