সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৮ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের প্রশিক্ষকবৃন্দ সংবাদ সংগ্রহ, সংবাদ লেখন, তথ্য যাচাই, ডিজিটাল সাংবাদিকতা ও পেশাগত নীতি-নৈতিকতার ওপর তথ্যবহুল ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের চেয়ারম্যান ও দৈনিক মহাযুগ সম্পাদক ফরিদ আহমেদ নয়ন। সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুহেল আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক মো. সুয়েজ হোসেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক নয়া দিগন্তের সাবেক হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সল, হার্ড নিউজ বাংলা সার্ভিসের হেড অব ডিজিটাল আব্দুল্লাহ আল মাহমুদ এবং বাসস-এর প্রতিবেদক ইসমাইল আহসান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ এই কর্মশালায় অংশ নেন। আয়োজন সফল হওয়ায় ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সিটি/লিআ/নিপ্র