সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বঙ্গবীর রোডে দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে ব্যস্ততম বঙ্গবীর রোডে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস, অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিটি/লিআ/ডেস্ক