Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Wednesday, 26 August 2026
পরকীয়ায় বাধা দেওয়ায় সিলেট কেড়ে নেওয়া হয় ব্যবসায়ীর প্রাণ
Author
সিলেট ট্রিবিউন ডেস্ক
Featured Image

সিলেট নগরীর শাহপরাণ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যার নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর স্থানীয়দের সহায়তায় জালাল আহমদ (৪০) নামে এক যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে শাহাব উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জালালকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার জালালের বাড়ি সুনামগঞ্জে, তিনি শাহপরাণ এলাকায় ভাড়া থাকতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জালালকে সন্দেহবশত স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। ভিডিওতে জালালকে বলতে শোনা যায়, স্থানীয় এক দর্জির স্ত্রীর সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে ব্যবসায়ী শাহাব উদ্দিন তাকে গালমন্দ ও শাসন করেন। সেই ক্ষোভ থেকেই তিনি শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আসামির দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনই মন্তব্য করেনি; আসামি আদালতে জবানবন্দি দেওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, গত রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শাহপরাণ এলাকার নিজ বাসায় বিয়ানীবাজারের চারখাই এলাকার বাসিন্দা ও ভোগ্যপণ্য ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

সিটি/লিআ/ডেস্ক