Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Saturday, 22 August 2026
ভূমধ্যসাগর থেকে সিলেটের ২৪ অভিবাসী উদ্ধার, নিখোঁজ আরও ৯
Author
সিলেট ট্রিবিউন ডেস্ক
Featured Image

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে দিকভ্রান্ত হয়ে মিশরের উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশির মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৪ জনই সিলেট বিভাগের বাসিন্দা।

জীবিত উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের দেওয়া তথ্যমতে, নৌকাটিতে থাকা আরও ৯ বাংলাদেশি নাগরিক সাগরে মারা গেছেন এবং তাদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট মানবপাচার চক্রের সহায়তায় লিবিয়ার তবুক এলাকা থেকে একটি নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন অভিবাসনপ্রত্যাশীরা। ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে এটি দিকভ্রান্ত হয়। প্রায় ১০ দিন সাগরে ভাসমান থাকার পর ১৩ আগস্ট নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়।

পুলিশ হেফাজতে থাকা ২৭ বাংলাদেশির মধ্যে সিলেট বিভাগের চার জেলার মোট ২৪ জন রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ: ১৭ জন (সদর, দিরাই, জগন্নাথপুর, ছাতক), হবিগঞ্জ: ৩ জন (সদর ও আজমিরীগঞ্জ), সিলেট: ৩ জন (গোয়াইনঘাট ও বিয়ানীবাজার) বাকি ৩ জন মাদারীপুর, কিশোরগঞ্জ ও ভৈরবের। হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই বাংলাদেশির পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

মিশরে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন জানান, সুস্থ হওয়া ২৭ জন বর্তমানে মারসা মাতরুহ পুলিশের অস্থায়ী কারাগারে আটক রয়েছেন। এ ঘটনায় কিশোরগঞ্জের মেহেদি হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং ১৬ আগস্ট আরও এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটি মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

আটকদের আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানো এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দূতাবাসের এই কর্মকর্তা।

সিটি/লিআ/ডেস্ক