Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Thursday, 20 August 2026
সিলেটে হামের প্রকোপে আরও এক মৃত্যু, বাড়ছে রোগীর চাপ
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেট বিভাগে হাম পরিস্থিতি দিনদিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৮ মাস বয়সী এক শিশুর। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।

শিশুটির বাড়ি সিলেটের কানাইঘাটে। সে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের ২০ আগস্টের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এর মধ্যে সিলেটে ৩২০, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর হিসাবও উদ্বেগজনক। সন্দেহজনক হাম রোগে জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা—সুনামগঞ্জে ৫৪, সিলেটে ৫০, হবিগঞ্জে ১৪ এবং মৌলভীবাজারে ১২ জন। অন্যদিকে নিশ্চিত হামে চার জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে সিলেট বিভাগে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।

প্রতিদিন বাড়ছে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা। বিশেষ করে শিশুদের মধ্যে এই প্রাণঘাতী রোগের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সিটি/লিআ/ডেস্ক