Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Monday, 17 August 2026
সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া যেকোনো ধরনের ভবন নির্মাণ, সম্প্রসারণ বা জমি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে সিউক আওতাধীন এলাকায় ভূমির ছাড়পত্র, নকশা অনুমোদন এবং জলাধার খননের আবেদন সিউকের নাইওরপুল কার্যালয়ে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ: ইমারত নির্মাণ আইন ও বিএনবিসি ২০২০ মেনে সিউকের তালিকাভুক্ত স্থপতি বা প্রকৌশলীর মাধ্যমে মাটি পরীক্ষা ও নকশা প্রণয়ন করে আবেদন করতে হবে। রিয়েল এস্টেট আইন ২০১০ অনুযায়ী সব ডেভেলপার প্রতিষ্ঠানকে সিউকে বাধ্যতামূলক নিবন্ধিত হতে হবে। অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণকাজ, অবৈধ দখল ও জলাশয় ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ।

সিউক আইন ২০২৩-এর ৫৪ ধারা অনুযায়ী, সিউকের অনুমতি ছাড়া অন্য যেকোনো কর্তৃপক্ষের দেওয়া অনুমোদন অকার্যকর ও অবৈধ বলে গণ্য হবে।

আইন বা বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সিউক কর্তৃপক্ষ।

সিটি/লিআ/নিপ্র