Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Saturday, 15 August 2026
সিলেটে নিহত দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির, দ্রুত বিচারের প্রতিশ্রুতি
Author
নিজস্ব প্রতিবেদক
Featured Image

সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায় নিজ বাসভবনে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাবেক কয়লা ব্যবসায়ী ও প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সাত্তার এবং তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে তাঁদের বাসভবনে গেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) সকালে রায়নগরে নিহতদের বাসভবনে গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহতের যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে আরিফ ইফতেখার ও যুক্তরাজ্য প্রবাসী মেয়ে সেলিনা সুলতানার সাথে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীকে চিহ্নিত ও গ্রেপ্তার করা কেবল ন্যায়বিচারের স্বার্থেই নয়, ন্যায়বিচার তো একটি অংশ মাত্র। তবে এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ভবিষ্যতে যেন এই জাতীয় নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এটি অপরাধীদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।”

তিনি দৃঢ়তার সাথে আরও বলেন, “সিলেটের সার্বিক নিরাপত্তা এবং দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তার স্বার্থে, যেন সবাই একটি নিরাপদ ও আশ্বস্ত জীবন যাপন করতে পারেন, সেজন্যই দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করা প্রয়োজন। ইনশাআল্লাহ, ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং মহানগর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সিটি/লিআ/নিপ্র