Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Wednesday, 12 August 2026
সিলেটে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাঠ বন্ধের নির্দেশ
Author
সিলেট ট্রিবিউন ২৪
Featured Image

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম বাস্তবায়নে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এলাকায় শপিংমল, মার্কেট, দোকানপাট, আলোকসজ্জা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়সীমা নির্দিষ্ট করে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে এসএমপি। একই সঙ্গে আলোকসজ্জা ও আলোকিত বিলবোর্ড বন্ধের বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই আদেশটি কার্যকর করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এসএমপি অধিক্ষেত্রাধীন সকল শপিংমল, দোকানপাট, মার্কেট ও সব ধরনের আলোকসজ্জা বন্ধ এবং সকল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮:০০ ঘটিকার মধ্যে বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে। এ ছাড়া নগরীর সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দেশিত সময়সীমা অমান্য করলে তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে জরুরি সেবার মান অক্ষুণ্ন রাখতে হোটেল-রেস্তোরাঁ (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহকে এই আদেশের আওতামুক্ত রাখা হয়েছে।

জনস্বার্থে ও সরকারি বিদ্যুৎ সাশ্রয়ী পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসী ও সব ব্যবসায়ী সম্প্রদায়কে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

সিটি/লিআ/নিপ্র