Sylhet Tribune 24
প্রকাশের তারিখ : Tuesday, 11 August 2026
মহামারির নতুন রূপ সিলেটে: কেড়ে নিয়েছে ১২৮ প্রাণ
Author
সিলেট ট্রিবিউন ২৪
Featured Image

মোঃ লিমন আহমদঃ করোনা ভাইরাস বা কোভিড – ১৯ এর কথা হয়তো সবারই মনে আছে। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতে সিলেটে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয় এবং ওই মাসের ৫ তারিখ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এবার করোনার মতোই ভয়ানক হয়ে সিলেট বিভাগে নতুন করে চোখ রাঙাচ্ছে আরেক সংক্রামক ব্যাধি হাম। সাধারণ জ্বর বা ফুসকুড়ি থেকে শুরু হওয়া এই রোগটি ইতিমধ্যে কেড়ে নিয়েছে সিলেট বিভাগের ১২৮ জনের প্রাণ। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৭৬। জনমনে এখন একটাই প্রশ্ন যে রোগের টিকা দেশজুড়ে সহজলভ্য, সেই হাম কেন সিলেটে এমন ভয়াবহ মহামারির রূপ নিচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও একজনের। অনুসন্ধানে আরো জানা যায়, সিলেট বিভাগের চা বাগান, হাওরাঞ্চল ও সীমান্তঘেঁষা দুর্গম গ্রামগুলোতে হামের বিস্তার সবচেয়ে বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারির সময় চলাচলে বিধিনিষেধ এবং আতঙ্কের কারণে নিয়মিত টিকাদান কর্মসূচি বেশ ব্যাহত হয়েছিল। সে সময় যেসব শিশু হাম-রুবেলার (এমআর) প্রথম বা দ্বিতীয় ডোজ টিকা থেকে বাদ পড়েছিল, তারাই এখন সংক্রমণের প্রধান শিকার। এছাড়া দুর্গম অঞ্চলে স্বাস্থ্যকর্মীদের নিয়মিত তদারকির অভাব এবং শিশুদের চরম পুষ্টিহীনতার কারণে হাম দ্রুত নিউমোনিয়া বা শ্বাসযন্ত্রের জটিলতায় রূপ নিয়ে মৃত্যুর কারণ হচ্ছে। পাশাপাশি, প্রাথমিক অবস্থায় সাধারণ অ্যালার্জি বা জ্বর মনে করে অবহেলা করায় রোগীরা দেরিতে হাসপাতালে আসছেন।

সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের চাপ ক্রমশ বাড়ছে। কিন্তু অনেক হাসপাতালেই হামের জন্য পর্যাপ্ত ও পৃথক আইসোলেশন ওয়ার্ড না থাকায় অন্য রোগীদের মাঝেও দ্রুত সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে।

সিটি/লিআ